ক্ষুদ্রাকৃতির কম্পিউটিং ডিভাইসে মনোযোগী হচ্ছে ইন্টেল

২০১৫ সালে মোবাইল ডিভাইস ও ইন্টারনেট অব থিংস (IoT) থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি অবকাঠামোসহ এই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে ইন্টেল। আসছে ২০১৬ সালেও এর যাত্রা অব্যাহত থাকবে এবং এই সময়ে প্রযুক্তি মানবজীবনের আরও অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে।
 
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে ইন্টেল বাংলাদেশ আয়োজিত ‘ইন্টেল প্রেডিকশনস ইভেন্ট ২০১৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর। চলতি বছরের প্রযুক্তি প্রবণতার বিশ্লেষণসহ আসছে বছরের ইন্টেলের প্রযুক্তি প্রবণতার পূর্বাভাস জানানো হয় এই অনুষ্ঠানে।
 
এতে জিয়া মনজুর জানান, অপেক্ষাকৃত ছোট আকৃতির ডিভাইসের চাহিদার পাশাপাশি বর্তমানে ক্লাউড এবং ইন্টারনেট অব থিংসের ধারণাগুলো জনপ্রিয় হচ্ছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইন্টেলও তাই মোবাইল ডিভাইসের পাশাপাশি মনোযোগী হবে ক্ষুদ্রাকৃতির কম্পিউটিং ডিভাইসে। ইন্টেলের গুরুত্বের জায়গায় থাকছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোও।