সিরিয়ায় রুশ হামলায় নিহত ২০০

সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের বরাত দিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।
 
অ্যামনেস্টির দাবি, তারা গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো ২৫ টির বেশি হামলা পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়া গুরুতরভাবে ব্যর্থ হয়েছে।
 
সিরিয়ায় চলমান অভিযানে বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ শুরু থেকেই বারবার অস্বীকার করে আসছে মস্কো। এ ধরনের অভিযোগকে তথ্য-যুদ্ধ হিসেবেও বর্ণনা করছে রাশিয়া।
 
সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে রুশ বিমান হামলা শুরু হয়।