ভূমিধসের ৭০ ঘণ্টা পর দুইজনকে জীবিত উদ্ধার

 
চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসের প্রায় তিনদিন পর ধ্বংসস্তুপের ভেতর জীবিত অবস্থায় দুইজনের সন্ধান পাওয়া গেছে। বুধবার ভোরে তাদের সন্ধান পাওয়া যায়।
 
গুয়াংডং প্রদেশের দমকল বিভাগের মাইক্রোব্লগ জানিয়েছে, একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ ৭৬ জনের মধ্যে তিনি ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করা হচ্ছে।
 
যে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তার নাম তিয়ান জেমিং। ১৯ বছর বয়সী এই তরুণ দক্ষিণাঞ্চলীয় নগরী চোংকিংয়ের বাসিন্দা। বুধবার সকালে তাকে উদ্ধার করা হয়েছে।
 
তিয়ানকে গুয়াংমিং নিউ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল হসপিটালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
 
একটি শিল্পঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৩০টির বেশি ভবন ধসে গেছে।
 
বন্দর নগরী তিয়ানজিনে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের মাত্র কয়েক মাস পর শেনঝেনের মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।