সপ্তাহখানেক হলো একটি ভিডিও ছেড়েছেন সংগীত তারকা রিয়ান্না। নতুন অ্যালবামের গানের প্রচারের জন্য নির্মিত ওই ভিডিও দেখিয়েই ভক্তদের মাথা খারাপ করে দিয়েছেন এই শিল্পী। অথচ এখন পর্যন্ত সেই অ্যালবামেরই কোনো খবর নেই। কথা ছিল, বড়দিন উপলক্ষে বের হবে রিয়ান্নার নতুন অ্যালবাম ‘অ্যান্টি’।
বড়দিন কড়া নাড়ছে দরজায়, ভক্তরা অপেক্ষারত। কিন্তু এরই মধ্যে খবর বেরিয়েছে, অ্যালবামটির জন্য নাকি এখনো গান বাছাই করাই শেষ হয়নি তাঁর। এ নিয়ে কিছু তথ্য দিয়েছেন রিয়ান্নার ‘ডায়মন্ড’ অ্যালবামের সহ-গীতিকার সিয়া।
এদিকে, অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী সিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কয়েক দিন আগেই রিয়ান্না এসেছিল আমার কাছে। আমার লেখা অনেকগুলো নতুন গান শোনালাম ওকে।’
যদিও এসব নিয়ে এখনো পর্যন্ত মন্তব্য করা থেকে বিরত আছেন রিয়ান্না। যেকোনো সময় হয়তো জানা যাবে তাঁর নতুন অ্যালবাম প্রকাশের খবর। আবার সেটি যদি নতুন বছরেও প্রকাশ হয় বিস্মিত হওয়ার কিছু নেই।
সুত্র: আইবি টাইমস