শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হলেও গুণগতমানের উন্নয়নে ব্যাপক পরিবর্তন প্রয়োজন। শিক্ষকদের গুণগত মান সঠিক হলেই শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত হবে।
বুধবার সকাল ১০টায় রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬’র সাম্প্রতিক সংশোধনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধার মান বাড়াতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।’
তিনি বলেন, ‘শিক্ষকরাই দক্ষ মানুষ তৈরির প্রধান নিয়ামক শক্তি। তারা মানুষ গড়ার অন্যতম কারিগর। দক্ষ মানুষ গড়ার কাজ করে যাচ্ছেন তারা। এ কথা মাথায় রেখেই শিক্ষকদের পাঠদান করতে হবে। পাশাপাশি শিক্ষকদের হতে হবে সত্ ও নিষ্ঠাবান।’