জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ ওঠার পর ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কূটনীতিক ফারিনা আরশাদকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে। শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর একটা ৩৫ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফারিনা ঢাকা ছাড়েন। তিনি ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) পদে কর্মরত ছিলেন।
জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে এর আগে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল।
কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে গোয়েন্দা পুলিশ। এক সময় পাকিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা ইদ্রিস ঢাকার হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে পাকিস্তান হাই কমিশনের ফারিনার সঙ্গে যোগাযোগ ও তার কাছ থেকে টাকা পাওয়ার তথ্য দেন। গত ১৪ ডিসেম্বর ওই খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।
এর দুদিন পর এক প্রতিবাদ লিপিতে ওই সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করে পাকিস্তান হাই কমিশন।