আফগানিস্তানের সানগিন শহরের নিয়ন্ত্রণ তালেবানের হাতে

কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সানগিন জেলার প্রায় পুরোটাই তালেবানের দখলে চলে গেছে বলে আভাস পাওয়া গেছে।  ওই এলাকা থেকে পাওয়া সর্বশেষ প্রতিবেদনগুলোর সূত্রে বিবিসি এ খবর জানিয়েছে।
 
আফগান আইন পরিষদের উচ্চকক্ষের স্থানীয় এক প্রতিনিধি জানিয়েছেন, বুধবার তালেবানের হাতে সানগিনের পুলিশ সদরদপ্তর ও প্রধান সরকারি ভবনের পতন হয়েছে। তালেবান দাবি করেছে, তাদের যোদ্ধারা পুরো সানগিন জেলা দখল করে নিয়েছে।  এসব স্বত্বেও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই অব্যাহত আছে এবং সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।
 
সানগিনের গভর্নর হাজি সুলিমান শাহ বিবিসিকে জানান, বুধবার সকালে জেলা সদরদপ্তর থেকে তাকে হেলিকপ্টারে করে প্রাদেশিক রাজধানী লস্কর গা-র শোরাবাক ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে, সঙ্গে নিরাপত্তা বাহিনীর আহত ১৫ সদস্যও ছিলেন। সানগিন টাউন থেকে সাত কিলোমিটার দূরে একটি সেনা ছাউনিতে কয়েকশত পুলিশ ও সেনা আশ্রয় নিয়েছেন, সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন তারা।
 
আশুকুল্লাহ নামে ছাউনিতে আটকে পড়া এক পুলিশ কর্মকর্তা বলেন, পুরো শহরটি জঙ্গিদের দখলে চলে গেছে, কোনো সাহায্যই পাইনি আমরা। সহায়তার জন্য পাঠানো সেনাদের অনেকদূরে বিমান থেকে প্যারাসুট যোগে নামানো হয়েছে, কিন্তু তাদের আসার কোনো পথ নেই, সব পথ বন্ধ, সেগুলো জঙ্গিদের নিয়ন্ত্রণে।
 
 
পাকিস্তান সীমান্তবর্তী হেলমান্দ তালেবান বিদ্রোহীদের একটি প্রধান কেন্দ্র। প্রদেশের সানগিন জেলা আফিম চাষের একটি উর্বর কেন্দ্র। তাই জেলাটি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া তালেবান। ২০০১ থেকে ২০১৫ পর্যন্ত আফগানিস্তানে নিহত ব্রিটিশ সেনাদের চার ভাগের এক ভাগ সানগিন জেলা ও এর আশপাশেই নিহত হয়েছেন। বিবিসি।