এবারের তুমুল আলোচিত উপস্থাপক স্টিভ হার্ভে ২০১৬'র ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতার আগামী বছরের আসরেও সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলে জানা গেছে।গত ২০ ডিসেম্বর ‘মিস ইউনিভার্স ২০১৫’র সৌন্দর্য প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর নাম ভুল ঘোষনা করে আলোচিত হয়েছেন স্টিভ হার্ভে।
তিনি প্রথম রানারআপ ‘মিস কলম্বিয়া’কে সেরা সুন্দরী ঘোষণা দিয়েছিলেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই তিনি ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আসল বিজয়ী ‘মিস ফিলিপাইন’কে সেরার স্বীকৃতি দেন। তিনি নিজেও নিজের ভুল স্বীকার করে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনাটি প্রতিযোগীদের সাথে সাথে উদ্যোক্তাদেরকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।
‘মিস ইউনিভার্স ২০১৫’র চিফ কন্টেন্ট অফিসার মার্ক শাপিরো এক সাক্ষাৎকারে জানান, আগামী বছরের অনুষ্ঠানেও তিনি স্টিভকেই মঞ্চে দেখতে চান। তিনি বলেন, ‘৫৮ বর্ষীয় এই কমেডিয়ান নিজের ভুলে খুবই অনুতপ্ত। তিনি খুব ভালো উপস্থাপক। তিনি নিঃসন্দেহে মজার মানুষ এবং নিজের কাজে খুবই দক্ষ। এবং তিনি অবশ্যই আগামী বছরেও সৌন্দর্যের মঞ্চ মাতাবেন’। জানা গেছে, স্টিভ আগামী বছরের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বের নিয়োগপত্র হাতে পেয়েছেন। অনেকে মনে করছেন, এই অনুষ্ঠানে তার ফিরে আসা খুব ভালো রেটিং দিবে আগামী আসরে।