'রাষ্ট্রদ্রোহী বক্তব্যের জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত'

 
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি বলেছেন, বেগম জিয়ার মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং এর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আজ সকাল ১১ টায় জাসদ কার্যালয় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এ সময় শহীদদের সংখ্যা এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে কোন অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করে আইন প্রণয়ন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
 
ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
 
ঢাকা মহানগর জাসদের সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিবুর রহমান মিহির, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমূখ।
 
শিরীন আখতার বলেন, ৪৪ বছরের মাথায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য শুধু কটাক্ষপূর্ণই নয় চরম ঔদ্ধত্যপূর্ণ। এ বক্তব্যের মধ্যদিয়ে বেগম খালেদা জিয়া পুনরায় স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামাত-শিবির এবং পাকিস্তানের প্রতি তার গভীর প্রেমের পরিচয় দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। বাসস।