উদ্ভূত পরিস্থিতি হলে দায় আপনার: অর্থমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

 
অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিসমূহের প্রতিফলন না হওয়ায় শিক্ষক সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে পারে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এই উদ্ভূত পরিস্থিতির দায় বহন করতে হবে অর্থমন্ত্রীকে।
 
বৃহস্পতিবার অর্থমন্ত্রী বরাবর প্রেরিত এক চিঠিতে এ হুঁশিয়ারি দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। চিঠিতে অর্থমন্ত্রীকে গেজেট সংশোধন করে শিক্ষক সমাজের ক্ষোভ দূর করার আহ্বান জানানো হয়। একইসাথে শিক্ষামন্ত্রী বরাবরও একটি চিঠি দেন তারা।
 
অর্থমন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে শিক্ষক নেতারা বলেন, গত ৬ ডিসেম্বর অর্থমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের এক সাক্ষাতের পরিপ্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিসমূহ পূরণের সুষ্পষ্ট আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রকাশিত গেজেটে তার প্রতিফলন ঘটেনি। আশা করি, অবিলম্বে শিক্ষক সমাজের দাবিসমূহ পূরণ করবেন, অন্যথায় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার আপনাকে বহন করতে হবে।
 

শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে শিক্ষক নেতারা বলেন, বর্তমান অবস্থায় অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়িত হলে সপ্তম জাতীয় বেতন কাঠামোর তুলনায় গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেক কিংবা তারও নেচে নেমে আসবে। উপরন্তু, গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের থেকে সুপার গ্রেডের ২য় ধাপে যাওয়ার কোন সুযোগ ও নির্দেশনা এ গেজেটে কিংবা অন্যকোন পরিপত্রে এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তাই এ অসঙ্গতি দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা করলে শিক্ষক সমাজের ক্ষোভ দূর হবে বলে আমরা বিশ্বাস করি।