‘ইসলামের নামে মানুষ হত্যাকারীদের ক্ষমা নেই’

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের কোন ক্ষমা নেই। শুক্রবার শাহজাহানপুরের রেলওয়ে মাঠে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন অয়োজিত মহাসম্মেলনে তিনি এই কথা বলেন।
 
ইসলাম ধর্ম জঙ্গিবাদ, বিশৃঙ্খলা ও হত্যা সমর্থন করে না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকারও ইসলামের নামে মানুষ হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামকে কালিমা লেপন করতেই মসজিদে সেজদারত অবস্থায়য় মুসল্লিকে গুলি করে হত্যা এবং শিয়া-সুন্নীর বিবাদ সৃষ্টির লক্ষ্যে একটি গোষ্ঠী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপচেষ্টাকারীদের রুখতে বদ্ধপরিকর। এতে কাউকে ছাড় দেয়া হবে না।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার শরীফের গদিনশিন পীর মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।
 
স্বাগত বক্তৃতা প্রদান করেন মাইজভান্ডারের আশেকান সাবেক এমপি এ্যাডভোকেট খান টিপু সুলতান। আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারের শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী।-বাসস।