ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

 
সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। দিনটি বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।
 
মুসলিম উম্মাহ দিবসটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ। সমগ্র মুসলিম উম্মাহর সাথে বাংলাদেশের মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে।
 
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, ধর্মীয় শোভাযাত্রা, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত।
 
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাত্পর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এ উপলক্ষে বাণী দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ উপলক্ষে বাণী দিয়েছেন।
 
পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বিকেল চারটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দোয়া’র আয়োজন করে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়।
 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলা দরবার শরীফের সংগঠন তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোদে রাজধানী ঢাকার হোসেনী দালান উত্তর গেট চত্বরে মহান জনশে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সা.) সেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
আশেকান মাইজভান্ডারী এসোসিয়েশনের উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের গদিনশীন পীর আওলাদে রাসুল (সা.) শাহজাদায়ে গাউসুল আজম শাহ সুফি হযরত মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী। এতে বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি এবং বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্বাগত বক্তৃতা করেন মাইজভান্ডারের আশেকান সাবেক এমপি এডভোকেট খান টিপু সুলতান।
 
আলোচনা সভা শেষে শাহজাহানপুর রেলওয়ে মাঠ থেকে সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের হয়। এতে মাইজভান্ডারীর হাজার হাজার অনুসারী শরীক হন। শোভাযাত্রাটি শহীদবাগ, রাজারবাগ, পীরজঙ্গি মাজার ও কমলাপুর রেল স্টেশন হয়ে আবার শাহজাহানপুর মাঠে দিয়ে শেষ হয়।
পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আশেকান গাউছিয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে ধর্মীয় জশনে জুলুশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নজরুল একাডেমি মগবাজারে নজরুল ভবনে অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় প্রেসক্লাব আজ বাদ আসর ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
 
এ ছাড়া পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
 

খবর বাসসের।