সিরিয়ায় বিমান হামলায় একটি বিদ্রোহী দলের নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় এ হামলা চালায় সরকারি বাহিনী।
নিহত জাহরান আলুশ (৪৪) ছিলেন আর্মি অব ইসলাম দলটির নেতা। রাজধানী দামেস্ক এলাকায় যে কয়টি গ্রুপের শক্তিশালী অবস্থান ছিল আর্মি অব ইসলাম সেগুলির একটি।
আল জাজিরা অনলাইন জানিয়েছে, শুক্রবার বিমান হামলায় জাহরানসহ আরো পাঁচ নেতা নিহত হয়েছে। সিরিয়া সরকার এ হামলার দায় স্বীকার করেছে। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার জঙ্গি বিমান এ হামলা চালিয়েছে। জাহরানের মৃত্যু বিদ্রোহী গ্রুপগুলির ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ তার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছিল অস্ত্রে সুসজ্জিত প্রায় ২০ হাজার যোদ্ধা।