বাঙ্গালিদের জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রিত হতে হবে: অভিজিতের বাবা

জঙ্গিদের হামলায় নিহত ব্লগার অভিজিত রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অজয় রায় কলকাতা ও বাংলাদেশের বাঙ্গালীদের ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।  একটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে তিনি একথা বলেন।
 
কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে যোগ দিতে সেখানে থাকা এই শিক্ষাবিদ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর সঙ্গে সাক্ষাতকারে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতীয় সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়। এই মৌলবাদী জঙ্গি যারা গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
 
অসহিষ্ণুতার এই সময়ে এই আন্দোলনে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের তরুণদের উপর নির্ভর করতে হবে। এমনকি আমার এই বৃদ্ধ বয়সেও অনুভব করি প্রয়োজন হলে তাদের অস্ত্র দিয়ে রুখে দিতে হবে, তাদের সঙ্গে যুদ্ধে শুধু শব্দ যথেষ্ট নয়। 
 
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, যখন মৌলবাদীরা আপনাকে তলোয়ার দিয়ে আক্রমণ করছে তখন কী দিয়ে তাদের প্রতিরোধ করবেন আপনি? তাদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে যে ভাষা তারা বোঝে। যতক্ষণ পর্যন্ত এই মৌলবাদী শক্তিকে উৎখাত না করা হবে বাংলাদেশের সংকটে থাকা গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। 
 
নিজের সন্তান অভিজিতের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি আমার সন্তান অভিজিতকে সতর্ক করেছিলাম বাংলাদেশে না আসতে। কিন্তু সে আমার কথা শোনেনি, বইমেলাতে তার বইয়ের প্রদর্শনী চলছিল। এবং সেখানেই মৌলবাদীরা তাকে হত্যা করে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।