মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবিটি খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে। খবরটা শুধু মাত্র সঞ্জয় দত্তর ফ্যানেদের জন্য নয়, ভালো ছবি দেখার জন্য যাঁরা অপেক্ষায় রয়েছেন তাঁদের কাছেও খুশির খবর। সম্প্রতি রাজকুমার হিরানী নিজেই এ খবর জানিয়েছেন মিডিয়াকে।
এ বিষয়ে তিনি বলেন, ' লাগে রাহো মুন্না ভাই-ছবিটির পর তেমন ভাল বিষয় পাচ্ছিলাম না যা দিয়ে মুন্না ভাইকে নিয়ে তৃতীয় ছবিটি করা যায়। তবে অনেক খুঁজাখুঁজির পর অবশেষে ভালো গল্প পেয়েছি, তাই খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবি।'
ছবির নাম সম্ভবত মুন্নাভাই চলে দিল্লি।' এর আগে শোনা গিয়েছিল এই সিরিজের তৃতীয় ছবিটির নাম ‘মুন্না ভাই চলে আমেরিকা’। কিন্তু কেন হল না ছবিটি? রাজকুমার হিরানী জানান, 'ওই একই সময় প্রায় একই বিষয় নিয়ে মুক্তি পায় ‘মাই নেম ইজ খান’। তাই ওই ছবিটির কাজ বন্ধ করে দেওয়া হয়।'
তবে সঞ্জয় দত্ত এবং আর্শাদ ওয়ার্সিকে নিয়েই তৈরি হচ্ছে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবিটি। তবে ছবির নায়িকা কে হচ্ছেন তা খোলসা করে বলেননি তিনি। লাগে রাহো মুন্না ভাই ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে।