'দ্য ফোর্স অ্যাওইকেন্স' মুক্তির প্রথম সপ্তাহ শেষে আয় করেছে ৮১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যেখানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই সিনেমাটির আয় প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। বড়দিনেও দারুণ এক রেকর্ড গড়েছে 'দ্য ফোর্স অ্যাওইকেন্স'। বড়দিনের আগের সন্ধ্যায় যেখানে বন্ধ রাখা হয় সিনেমা প্রদর্শনী, সেখানে বৃহস্পতিবারেই সিনেমাটি আয় করেছে ২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। আর এর মাধ্যমে সিনেমাটি ভেঙেছে 'অ্যাভাটার' এবং 'জুরাসিক ওয়ার্ল্ড'- এর বৃহস্পতিবারের আয়ের রেকর্ড। অবশ্য সবচেয়ে বেশি আয়ের রেকর্ডটা এখনও ২০০৫ সালে মুক্তি পাওয়া 'স্টার ওয়ার্স এপিসোড থ্রি: রিভেঞ্জ অফ দ্য সিথ'-এর দখলে। সিনেমাটি প্রথম বৃহস্পতিবার আয় করেছিল ৫ কোটি মার্কিন ডলার।
'স্টার ওয়ার্স' এর দর্শক গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে এটি সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা 'অ্যাভাটার' এর প্রথম সপ্তাহের আয়কেও ছাড়িয়ে গেছে। মার্কিন বক্স-অফিসে 'অ্যাভাটার' প্রথম সপ্তাহে আয় করেছিল ১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এখন প্রথম সপ্তাহে মার্কিন বক্স-অফিসে সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডটি চলে এসেছে 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স' এর কাছে, যা এখন পর্যন্ত ছিল এ বছরই মুক্তি পাওয়া 'জুরাসিক ওয়ার্ল্ড'- এর দখলে।
যে গতিতে 'দ্য ফোর্স অ্যাওইকেন্স'-এর সাফল্যের চাকা ঘুরছে, তাতে করে 'স্টার ওয়ার্স এপিসোড থ্রি: রিভেঞ্জ অফ দ্য সিথ' এর আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় এখন ৫১ নম্বরে রয়েছে 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স'। বিশ্বব্যাপী ৮০ কোটির অঙ্ক ছোঁয়ার পর বর্তমানে 'স্পাইডার ম্যান' এবং 'ইন্ডিপেন্ডেন্স ডে'র নিচে অবস্থান করছে সিনেমাটি। তবে, এক বিলিয়নের সিড়ি পেরুলেই রাতারাতি শীর্ষ দশে ঢুকে পড়বে ডেইজি রিডলি, অস্কার আইজ্যাক, জন বোয়েগা, অ্যাডাম ড্রাইভার, হ্যারিসন ফোর্ড, ক্যারি ফিশার অভিনীত 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স' সিনেমাটি।