নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ডাকঘর: বিএনপি

 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসে পরিণত হয়েছে।’
 
শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ কমিশনে পাঠানো হয়, কিন্তু তারা নির্বিকার নিশ্চুপ থাকে। এই নতজানু ভূমিকার জন্য ছি ছি করছে মানুষ।’
 
এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ইসিতে গিয়ে বিএনপিকে ‘বাড়তি সুবিধা’ দেয়ার অভিযোগ জানিয়ে আসেন।
 

আওয়ামী লীগের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘‘মাহবুব-উল-আলম হানিফ বলেছেন যে, নির্বাচন কমিশন বিএনপিকে বেশি সুবিধা দিচ্ছে।’ তার এই বক্তব্যটিকে বছরের শ্রেষ্ঠ আলোচিত তামাশামূলক বক্তব্য ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না মানুষ। মানুষ যেন অট্টহাসিতে ফেটে পড়ছে- কী কথা বলে! তার এই বক্তব্যে মনে হয়, ধান ক্ষেত বা ধানের গোলার নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন হয়ে মুসিক বিলাপ করছে গৃহস্থের কাছে।’’