ইসির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে : রিজভী

 
পৌর নির্বাচনের ফল শাসকদলের পক্ষে নিতে নির্বাচন কমিশনের ‘ছত্রছায়ায়’ দেশব্যাপি সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।
 
রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
 
রিজভী বলেন, ‘ইসি তাদের নিজের আচরণের কারণেই এখন জনগণের নিকট উপহাসের পাত্র হয়ে পড়েছে। নির্বাচনী সিডিউল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গের অজস্র অভিযোগ, অসংখ্য অনিয়ম এরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন সত্যি যে বর্তমান সরকারের নির্লজ্জ তল্পিবাহক, সেটি তারা বারবার  নিজেদের কর্মকান্ডে প্রমান করছেন।’
 
তিনি বলেন, নির্বাচনী এলাকায় শুধু জনজীবন বিপর্যস্ত ও বিপন্নই নয় মানুষ অষ্ট প্রহর দিন গুণছে-ভোটের দিন কী হয়। শাসকদলের সন্ত্রাসের পরিকাঠামো ভেঙ্গে ফেলে জনগণের ভোট কেন্দ্র ঘেরাও করে রাখাটাই হবে বর্তমান সময়ে গণতন্ত্রের আদর্শ পরিসীমা।
 
রিজভী অভিযোগ করেন পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, বৈরব, ভোলা, ময়মনসিংহ, লাকসাম, জামালপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঝিনাইদাহ, চাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীদের প্রচারে বাধা, তাদের ওপর হামলা হচ্ছে। মিথ্যে মামলায় পুলিশ বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করছে।
 
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, রফিক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।