রাতারাতি অবৈধ যান সরানো সম্ভব নয়: ওবায়দুল কাদের

 
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ফুটপাত দখল করে চলাচল করে ছোট ছোট অনেক অবৈধ যানবাহন। সময় এসেছে এসব সরানোর। তবে রাতারাতি সম্ভব নয়। পর্যায়ক্রমে অবৈধ যানবাহন রাস্তা থেকে সরিয়ে নেয়া হবে।
 
রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোহাগ গ্রুপের নতুন মডেলের বাস-ট্রাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সোহাগ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস বাজারে নিয়ে এসেছে স্ক্যানিয়া ব্র্যান্ডের নতুন মডেলের এসি ও নন-এসি বাস এবং ট্রাক।
 
সবার সহেযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে পরিণত করা কারো একার পক্ষে সম্ভব নয়। সবার সহযোগিতায় তা সম্ভব। ঢাকার দুই সিটির মেয়রদ্বয় যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
 
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যবস্থার প্রধান অন্তরায়, উল্লেখ করে মন্ত্রী বলেন, কানেকটিভিটি বাড়াতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফোর লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। ১৯০ কিলোমিটার রাস্তার মধ্যে ৮০ কিলোমিটারের কাজ বাকি আছে।এই বাকি কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল, সোহাগ গ্রুপ ও ইনোভেটিভ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল, স্ক্যানিয়া কমার্শিয়াল ভেহিক্যালের সেলস ডিরেক্টর মিকাইল কিয়ান্দার, সোহাগ গ্রুপের পরিচালকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীরা।