দলীয় মুখপত্রে সোনিয়া-নেহেরুর সমালোচনা, বিব্রত কংগ্রেস

‘ফ্যাসিবাদী দলের সদস্য ছিলেন সোনিয়া গান্ধীর বাবা।’ ‘১৯৯৭ সালে ভারতের কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ পাওয়ার মাত্র ৬২ দিনের মধ্যেই দলের সভানেত্রী হয়ে যান সোনিয়া গান্ধী। এবং অনেক চেষ্টা করেছিলেন সরকার গড়তে, কিন্তু পারেননি’। এসবই লেখা হয়েছে মহারাষ্ট্রে কংগ্রেসের নিজস্ব মুখপত্র ‘কংগ্রেস দর্শন’-এর ডিসেম্বর সংখ্যায়। দলীয় মুখপত্রে এমন লেখা নিয়ে বিব্রত অবস্থায় পড়েছে কংগ্রেস।
 
নিয়ে  শুধু সোনিয়াই নন, অন্য একটি লেখায় কড়া সমালোচনা করা হয়েছে জওহরলাল নেহেরুরও। বলা হয়েছে, 'নেহেরুর উচিৎ ছিল কাশ্মির, চীন ইত্যাদি প্রশ্নে তার উপ-প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের মতামতকে গুরুত্ব দেয়া। নেহেরু যদি প্যাটেলের কথা শুনতেন তবে কাশ্মির, চীন, তিব্বত বা নেপাল সমস্যা আজ এত বছর পরেও এভাবে টিকে থাকত না।' এমনই লেখা হয়েছে কংগ্রেসের মুখপত্রে। গোটা বিষয়টিতে রীতিমতো অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব।
 
সোমবার দেশজুড়ে দলের ১৩২তম প্রতিষ্ঠা দিবস পালন করছে কংগ্রেস। মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা এবং ‘কংগ্রেস দর্শন’-এর সম্পাদক সঞ্জয় নিরুপনের প্রতিক্রিয়া, ‘যা ঘটেছে তা খুবই উদ্বেগজনক। সম্পাদক হিসেবে আমি এর দায়িত্ব নিচ্ছি। তদন্ত হচ্ছে। যে বা যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, গোটা ব্যাপারটা দলের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।