তুরস্কে আইএসবিরোধী চলচ্চিত্র নির্মাতাকে গুলি করে হত্যা

 
তুরস্কে ইসলামিক স্টেটের (আইএস) সমালোচক হিসেবে পরিচিত একজন চলচ্চিত্র নির্মাতাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। তুর্কি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নাজি জের্ফ নামের ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সিরিয়া সীমান্তের কাছে শব্দহীন একটি পিস্তল থেকে গুলি করে হত্যা করা হয়।
 
জের্ফ সিরিয়ার রাকায় আইএসের নৃশংসতা তুলে ধরে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেখানে কর্মরত একদল সাংবাদিকের ঝুঁকিপূর্ণ জীবনের বিভিন্ন দিক রয়েছে ওই চলচ্চিত্রটিতে। সম্প্রতি আইএসবিরোধী আরো দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি।
 
কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় আইএসবিরোধী হিসেবে পরিচিত আহমেদ মোহাম্মদ আল-মুসাকে হত্যা করেছিল আততায়ীরা।
 
নিহত চলচ্চিত্র নির্মাতার একজন বন্ধু জানিয়েছেন, ইসলামপন্থী জঙ্গিদের দিক থেকে জীবনের হুমকি বিবেচনা করে তাকে সপরিবারে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছিল। চলতি সপ্তাহেই তার ফ্রান্স চলে যাওয়ার কথা ছিলো। তার দুই সন্তান রয়েছে। সূত্র: বিবিসি