‘উন্নয়নের ৯০ ভাগই নিজস্ব অর্থায়নে হচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নানামুখি অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমান উন্নয়ন কর্মসূচির ৯০ ভাগই নিজস্ব অর্থায়নে হচ্ছে। বাজেটের পরিধি চারগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা ১২৩ ভাগ বেতন বৃদ্ধি করেছি। পৃথিবীর কোনো দেশে এর নজর নেই।
 
মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
 
যশোরে অবস্থিত বিমান বািহনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৭২তম ফ্লাইট কোর্সের ৪৩ জনসহ ৭৫ জন ফ্লাইট ক্যাডেট ও অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. আবু হাসান মেহেদি সেরা চৌকষ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার লাভ করেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শল এসরার এবং বিমান বাহিনী একাডেমির কমান্ডেন্ট এয়ার কমডোর মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির পিতা উপলব্ধি করেছিলেন, একটি স্বাধীন দেশের জন্য একটি শক্তিশালী পেশাদার ও আধুনিক বিমান বাহিনী অপরিহার্য। তাই স্বাধীনতার পরপরই যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি একটি দক্ষ ও চৌকষ বিমান বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেন।
 
জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার ভিত্তিতে ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী আমরা সাত বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন করে যাচ্ছি। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ কাজ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয়ী জাতি হিসেবে প্রমাণ করতে পেরেছি পরোমুখাপেক্ষি হয়ে নয় নিজেরাই করতে পারি।