পাকিস্তানে চার ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর প্রধানের স্বাক্ষরিত ব্ল্যাক ওয়ারেন্টে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
পাকিস্তানের কোহাত জেলে ফাঁসি কার্যকর হওয়ার পরে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় এদের বিরুদ্ধে হত্যা, আত্মঘাতী বোমা হামলা, মুক্তিপণের জন্য অপহরণের পাশাপাশি জঙ্গি সংগঠনে অর্থায়নের অভিযোগ রয়েছে। এর আগে এই মাসের শুরুতে মিলিটারি স্কুলে সন্ত্রাসী হামলায় জড়িত চারজনকে ফাঁসি দেয়া হয়। ২০১৪ সালে পেশওয়ারের মিলিটারি পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসী হামলার পরে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই বেগবান করতে সামরিক আদালত গঠন করা হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে এর সমালোচনা করা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকা এক সম্পাদকীয়তে দাবি করেছে, সামরিক আদালত সংসদীয় গণতন্ত্রের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ডন।