নির্বাচনে হারলে আকাশ ভেঙে পড়বে না: ওবায়দুল কাদের

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনে হেরে গেলে সরকারের উপর আকাশ ভেঙে পড়বে না। মঙ্গলবার সচিবালয়ে নির্বাচন নিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, একসঙ্গে ৭-৮টি সিটি করপোরেশনে যখন আমরা হেরেছিলাম তখন কিন্তু সরকারের উপর আকাশ ভেঙে পড়েনি। এখন স্থানীয় সরকারের একটা আংশিক নির্বাচন, আরো ৮৯টা রয়ে গেছে, এই নির্বাচনে হারলে সরকারের উপর আকাশ ভেঙে পড়বে এমন তো কোনো বিষয় নয়। সরকারের পতন হবে না। 
 
তিনি বলেন, স্থানীয়ভাবে অনেক সময় অনেক কিছু কন্ট্রোলে থাকে না। কিন্তু আমরা চেষ্টা করছি- তা যেন নিয়ন্ত্রণে রাখা যায়, নির্বাচন নিয়ে সরকার কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে।
 
মন্ত্রী বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ইসিকে যতটুকু সহযোগিতা-সমর্থন করা দরকার- তা দেয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত দেয়া হবে।