এক ফোনেই অ্যাম্বুলেন্স সেবা

 
দেশের সব মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। একটি ফোন করেই দেশের যে কোন প্রান্তের মানুষ অ্যাম্বুলেন্স সেবা পাবেন।
 
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।
 
মন্ত্রী ‘১৬২৬৩’ নম্বরটি অ্যাম্বুলেন্স ডাকার জন্য ঠিক করতে বলেন। সেই সঙ্গে একটি তালিকা করার নির্দেশ দেন,  যেখানে দেশের সব অ্যাম্বুলেন্স সেবদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নাম-ঠিকানা থাকবে।
 
বৈঠকে দেশের সার্বিক স্বাস্থ্য সেবার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। তবে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য সেখানে জানানো হয়নি।
 
মন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে ‘স্বাস্থ্য সেবা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত হয়।