অভিনয় থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন দেশের গুণী অভিনেত্রী ডলি জহুর। ২০১২ সালের পর থেকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্রের এই অভিনেত্রী চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন এরইমধ্যে।
এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এখনকার চলচ্চিত্রের যে অবস্থা তাতে কাজ করতে মন টানে না। সিনেমার গল্পে আগের সেই মান খুঁজে পাওয়া যায় না। এছাড়া অনেক তো হলো আর কত! সব পরিস্থিতি মিলিয়ে চিন্তা করেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আর এখন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি।’ কিন্তু তিনি টিভি নাটকে নিয়মিত থাকলেও তা খুব অল্প পরিসরে।
বর্তমানে দুটি ধারাবাহিকের কাজ চালিয়ে যাচ্ছেন ডলি জহুর। এরমধ্যে একটি হচ্ছে মীর সাব্বিরে রচনা ও পরিচালনায় ‘নোয়াশাল’ আর অপরটি হচ্ছে হূদি হক ও লাকী ইনামের রচনা ও হূদি হকের পরিচালনায় ‘শেষ বিকেলের গান’।
ধারাবাহিকে কাজের বিষয়ে তিনি বলেন, ‘এখন নাটকের সংখ্যা অনেক বেড়ে গেছে। এরমধ্যেও কিছু ভালো নাটক হচ্ছে। কাজ অনেক বেছে নির্বাচন করতে হচ্ছে। এখন যে কাজগুলো করছি সেগুলো নিয়ে আমি আশাবাদী।’