বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে আশঙ্কা করছিলাম ভোট গ্রহণ শুরুতেই সেই চিত্র ফুটে উঠেছে। আমাদের কাছে খবর আসছে, বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের এজেন্টেদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে।
বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ‘তথ্য কেন্দ্রে’ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব অভিযোগ করেন রিজভী।
রিজভী অভিযোগ করেন, ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য ভোটের আগের রাত থেকে সন্ত্রাসী তত্পরতার মাত্রা দেখেই দেশবাসীর কাছে সরকারি কারসাজির বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। ক্ষমতাসীনরা এই নির্বাচনকে জালিয়াতির ওপর সাজিয়ে নিজেদের স্বৈরাচারী চেহারা উন্মোচন করছে।
তিনি বলেন, লক্ষ্মীপুরের রায়পুরা, নাটোর, বরগুনার বেতাগী, ঝালকাঠির নলছিটি, মৌলভীবাজারের কমলগঞ্জ, নোয়াখালীর বসুরহাট, কুমিল্লার বরুড়া ও লাকসাম, মাদারীপুরের কালকিনি, জামালপুরের সরিষাবাড়ি, বরিশারের মুলাদী, ফেনীর দাগনভুঁঞা, বগুড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড,যশোরের মনিরামপুর, মানিকগঞ্জ, ঝিনাইদহের হরিনাকুণ্ড, নরসিংদীর মনোহরদি পৌরসভায় বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে নির্বাচনী এজেন্ট এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।