পৃথিবীর সবচেয়ে প্রাচীন মোবাইল আবিষ্কারের দাবি করছেন অস্ট্রিয়ার কয়েকজন প্রত্নতত্ত্ববিদ। দেশটির সালজবার শহরে একটি বস্তু পাওয়া গেছে যার আকৃতি এবং ধরণ সম্পূর্ণ আধুনিক মোবাইলের মতো।
সালজবারের প্রত্নতত্ত্ববিদরা দাবি করছেন এটি প্রায় ৮০০ বছর পুরোনো। মোবাইলের মতো দেখতে বস্তুটির বাটনগুলো বর্তমানে প্রচলিত রোমান হরফে নয় বরং পাঁচ হাজার বছর পুরোনো মেসোপটেমীয় সভ্যতার কিউনিফর্ম লিপিতে রচিত। উল্লেখ্য, কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কারের জন্য সুমেরীয়দের কৃতিত্ব দেয়া হয় যা বর্তমান ইরাকে অবস্থিত।
এই মোবাইল সদৃশ বস্তুটি আবিষ্কারের পর পৃথিবীতে ভিন্নগ্রহবাসীদের আগমনে বিশ্বাসী মানুষরা যেন হাতে চাঁদ পেয়ে গেছেন। তারা এটাকে ভিনগ্রহবাসীদের ব্যবহৃত ‘ডিভাইস’ হিসেবে বর্ণনা করছে। কেউ কেউ দাবি করছে টাইম ট্রাভেলের মাধ্যমে আধুনিক মানুষের চিহ্নই এটি। তবে আধুনিক মানুষের মোবাইলে কেন কিউনিফর্ম লিপিতে লেখা থাকবে সেটির কোনো সদুত্তর পাওয়া যায়নি।
তবে এই ধরণের দাবি সম্পূর্ণ নির্দোষ গুজব বা প্রচারণার উদ্দেশ্যও হতে পারে। পর্যাপ্ত তথ্যের অভাবে এই দাবি সত্য না মিথ্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ এটাকে গুজব বলেই বর্ণনা করছে বিশেষ করে নোকিয়ার একটি পুরোনো মোবাইল হ্যান্ডসেটের সঙ্গে এর আশ্চর্য মিল পরিলক্ষিত হচ্ছে। ডেইলি স্টার ইউকে।