থার্টিফাস্ট নাইটে ভারতের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা বিভাগ। মোদীর পাকিস্তান সফরের পর দেশটির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বছরের শেষদিন ভারতের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবা।
দেশটির নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের পার্লামেন্ট ভবন লস্কর-ই-তৈয়্যেবার নজরে আছে। ভারতের পরমাণু কেন্দ্র এবং সেনাবাহনীর সদর দফতরও জঙ্গি সংগঠনটির নজরে থাকতে পারে।
সেখানে আরো দাবি করা হয়, সন্ত্রাসী হামলার জন্য বর্ডার দিয়ে এরই মধ্যে ১৮ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে। মোদী পাকিস্তান সফর থেকে ফেরার পর দেশটির গুরুত্বপূর্ন পর্যটন কেন্দ্র এবং স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তারপর থেকে দেশেটির প্রান্তিক পর্যায়গুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রদানের নির্দেশ দিয়েছে। বিশেষত দেশটির বাস টার্মিনাল, রেলস্টেশন, মার্কেট এবং ধর্মিও প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা বাহিনী সরবরাহ করতে বলা হয়েছে।