আর্জেন্টিনার আদালত ২০১২ সালে দেশটিতে একটি ট্রেন দুর্ঘটনার পেছনে দুজন মন্ত্রীকে দায়ী করেছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে একজনকে ছয় বছর ও অপর জনকে আট বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। সেইসঙ্গে ট্রেনটির চালকেরও তিন বছরের দণ্ড দিয়েছে আদালত। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছিলেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে সকাল বেলা অফিসগামী যাত্রীবোঝাই একটি ট্রেন স্টেশনের বাফারে গিয়ে আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে স্টেশনে থাকা বাফারে গিয়ে আঘাত করে। এতে ইঞ্জিনের পেছনের বগিটি দুমড়ে মুচড়ে যায়। রিকার্ডো জেমি ও পাবলো স্কিয়াভিকে যথাক্রমে ছয় ও আট বছরের সাজা দিয়েছে আদালত। দ্বিতীয়জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে মানুষ হত্যায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
IMG0
কয়েক দশকের মধ্যে এটিই ছিল দেশটিতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনার পরে দেশটিতে ক্রিস্টিনা ফার্নান্দেজের নেতৃত্বাধীন সরকার রেল ব্যবস্থাকে জাতীয়করণ করে ব্যাপক সংস্কার কর্মসূচি নেয়। সূত্র: বিবিসি