ভুটান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপার্সন (স্পিকার) ড. সোনাম কিনগা বলেছেন, 'বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বাঙালিদের বীরত্বের ইতিহাস।' রাজধানীর সেগুনবাগিচায় বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ সময় তার নেতৃত্বে ভুটান পার্লামেন্টের ১২ সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল।
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনের শুরুতে প্রতিনিধিদের ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের উপর ৩০ মিনিটের একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি বোর্ডের সদস্য আক্কু চৌধুরী এ সময় বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা তুলে ধরেন। তিনি প্রতিনিধিদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিদর্শনকালে ভুটানের স্পিকার জানান, বাংলাদেশিদের আতিথিয়তায় তিনি মুগ্ধ। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ ছাড়াও ভুটানের প্রতিনিধিদল মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর পরিদর্শন করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ দুর্যোগ পূর্ববর্তী ও দুর্যোগ পরবর্তী বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ধারনা দেন। এ সময় ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় দু’দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বাসস।