জানুয়ারির এক তারিখে বই উৎসব দিবস

 
শেষ পর্যন্ত শুক্রবার পালিত হচ্ছে বই উৎসব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ জানুয়ারি ২০১৬ সকাল ১০ টায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করবে।
 
রাজধানীর মিরপুর-২, ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণের এই উৎসব পালিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি প্রাথমিক ও ইবতেদায়ীর কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন।
 
সেখানে আরো উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি এবং সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, আ খ ম জাহাঙ্গীর হোসেন এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, আলী আজম এমপি ও বেগম উম্মে রাজিয়া কাজল এমপি।
 
এ ছাড়া সংসদ সদস্য মো. আসলামুল হক ও কামাল আহম্মেদ মজুমদারও উপস্থিত থাকবেন বলে মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
 
এ বছর সারা দেশে মোট ২ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর মাঝে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭ টি বই বিতরণ করা হবে। এ ছাড়া ৩২ লাখ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ৩ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে। বাসস।