পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল আজ

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) চারটি পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
 
এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনীর ফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
 
আর দেড়টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জেএসসি-জেডিসির ফল নিয়ে বিস্তারিত জানাবেন।
 
সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেটে ফল জানতে পারবে। প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://www.teletalk.com.bd) পাওয়া যাবে।
 
এছাড়াও যে কোনো মোবাইল থেকে DPE লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লেখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও আসবে প্রাথমিকের ফল।
 
ইবতেদায়ির ফল পেতে EBT লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লেখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
 
জেএসসি-জেডিসির ফল পেতে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হবে।
 
JSC/JDC লেখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল পাওয়া যাবে।
 
গত ১ নভেম্বর শুরু হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। শেষ হয়েছে গত ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন রয়েছে। অপরদিকে ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর। দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।