ইসরায়েল-ভারতের তৈরি ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা

 
ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ভূমি থেকে আকাশে উৎক্ষেপযোগ্য ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এ ক্ষেপণাস্ত্রটি ভারতের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো সুরক্ষিত করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রাণালয়।
 
বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারতের নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা থেকে যৌথ উদ্যোগে তৈরি নতুন ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে ১৪০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে বলে গত বছর রয়টার্সকে জানিয়েছিল ভারত।
 
বারাক-৮ ক্ষেপণাস্ত্রের রেডার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম এ রেডার যে কোনো দিক থেকে আসা বিপদের আগাম আভাস দিতে পারে। ক্ষেপণাস্ত্রটির নিয়ন্ত্রণ ব্যবস্থাও অপেক্ষাকৃত অনেক সহজ। ফলে এটি দ্রুত বোমারু হেলিকপ্টার, জঙ্গি বিমান, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের আঘাতই আকাশে রুখে দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
এ ধরনের ক্ষেপণাস্ত্র শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইসরায়েলের হাতে আছে। উল্লেখ্য, ভারত যেসব দেশ থেকে অস্ত্র ক্রয় করে ইসরায়েল তাদের অন্যতম। বিডি নিউজ।