নির্বাচনে অংশ নেয়ায় বিএনপিকে ধন্যবাদ: প্রধানমন্ত্রী

 
ধ্বংসাত্মক রাজনীতি ও নির্বাচন বয়কটের সংস্কৃতি পরিহার করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বৃহস্পতিবার সকালে গণভবনে চলতি বছরের প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে তিনি এই কথা বলেন।
 
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর কাছে পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
 
তিনি বলেন, অন্তত তারা এবার আগের মতো অগ্নিসংযোগ ও তান্ডব সৃষ্টির পথে যাননি। তারা নির্বাচনের পথে এসেছে, তারা নির্বাচনমুখী হয়েছেন। এজন্য আমি তাদের অভিনন্দন জানাই।
 
শেখ হাসিনা বলেন, বিএনপি এই সময়ে সচেতন হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত বিনষ্ট করার চেষ্টা করেনি।
 
বিদায়ী বছরের শুরুতে বিএনপি-জামায়াত চক্রের নৃশংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি ভবিষ্যতে আন্দোলনের নামে কেউ ধ্বংসাত্মক কার্যক্রমের পথ অবলম্বন করবে না।-বাসস।