শুরু হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামী ০১ থেকে ১৮ জানুয়ারি, প্রতিদিন বিকাল ৪.৩০মি. একাডেমীর নন্দন মঞ্চে বাংলাদেশের সকল জেলা শিল্পকলা একাডেমীর শিশু-দল ও বড়দের পরিবেশনায় সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত, আবৃত্তি ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা নিয়ে  ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ ২০১৬ আয়োজন করা হয়েছে।
 
আগামী ০১ জানুয়ারি ২০১৬ শুক্রবার বিকাল ৪.৩০মি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমীর সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দিন।
 
প্রতিদিন বিকেল ৪.৩০টা থেকে একাডেমীর নন্দনমঞ্চে ৪টি জেলা শিল্পকলা একাডেমীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।