খালেদার মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যেই বিএনপির ভরাডুবি: আওয়ামী লীগ

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য দেয়ায় পৌরসভা নির্বাচনে জনগণ বিএনপির বিপক্ষে রায় দিয়েছে। আর ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি জনগণের রায়কে অপমান করেছে।’
 
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
জনগণের রায়কে স্বাগত জানিয়ে ফলাফল মেনে নেয়ার জন্য বিএনপির প্রতি আবারো আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলীয়ভাবে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে বৈধতা দিয়েছে। কারণ তারা এতোদিন সরকার ও নির্বাচন কমিশনকে মানতো না। তাছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব সেটি আবারো প্রমাণিত হয়েছে।’
 
হানিফ বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রোল বোমা সন্ত্রাস করে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন। সেটা জনগণ ভালোভাবে নেয়নি। তিনি বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করেছেন। এর মাধ্যমে খালেদা জিয়া নিজেকে একজন পাকিস্তানি হিসেবে প্রমাণ করেছেন। এমন মনোভাবের খালেদা জিয়াকে জনগণ এবারের পৌর নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। এই ফলাফলের মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তানের ভাবধারার এবং সন্ত্রাস সর্বস্ব বিএনপির রাজনীতি এ দেশের মানুষ মেনে নেবে না।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পৌরসভা নির্বাচন করতে বাধ্য হয়েছে বিএনপি। এই নির্বাচনের এটাই আওয়ামী লীগের বড় অর্জন। 
 
নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে হানিফ বলেন, কিছু কিছু জায়গায় আমাদের দলের প্রার্থীরা মাত্র ১৩-১৪ ভোটে হেরেছেন। ভোটে কারচুপি হলে আমাদের প্রার্থীরা এ অল্প ব্যবধানে হারতেন না, জিতে জেতেন। কিন্তু আওয়ামী লীগ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। ফল যা হয়েছে, তা-ই মেনে নিয়েছে।