নতুন বছরের প্রথম দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও’র ছবি ‘দ্য গুড ডাইনোসর’। চলচ্চিত্রটির নির্মাণ ২০১৩ সালের আগস্ট পর্যন্ত বব পিটারসনের অধীনে থাকলেও, পরবর্তীতে অক্টোবর ২০১৪ সালে পরিচালকের নতুন পদে যোগ দেন পিটার সন। ছবিটির গল্প একটি মুহূর্তের, যা ইতিহাস বদলাতে সক্ষম। এই থ্রি-ডি অ্যানিমেটেড চলচ্চিত্রটির প্রযোজনায় যৌথভাবে ছিল ওয়াল্ট ডিজনী পিকচার্স।
গল্পটি একটি নতুন অ্যাডভেঞ্চারের। কাহিনীর শুরু অরলো নামের এক ছোট্ট ডাইনোসরকে নিয়ে, যে এক দুর্ঘটনায় তার বাবাকে হারায়। একদিন ঘুরে বেড়ানোর সময় পাথরে পা পিছলে গড়িয়ে পড়তে থাকে অরলো। এরপরই সে নিজেকে আবিষ্কার করে নিজের পরিচিত পরিবেশ থেকে অনেক দূরে। নিজের ভূমিতে ফিরে যাওয়ার অভিযানের পথে হঠাৎই তার দেখা হয় এক ছোট্ট গুহামানবের সাথে। সেই গুহামানবের নাম রাখে সে স্পট। আর এরপর থেকেই শুরু হয় ইতিহাস বদলে যাওয়ার কাহিনী। ইতিহাসের পাতায় যে ডাইনোসরকে হিংস্র-বর্বর বলে আখ্যায়িত করা হয়েছে সেই ডাইনোসরের সাথেই মানুষের বন্ধুত্বের কাহিনীর রঙিন আঁচড় স্থান নেয় রূপালি পর্দায়।
অরলো ডাইনোসরের চরিত্রে কন্ঠ দিয়েছেন শিশু অভিনেতা রেয়মন্ড অশোয়া। আর স্পটের চরিত্রটিকে রূপদান করেছেন জ্যাক ব্রাইট। তাছাড়া আরও বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন জেফ্রি রাইট, স্টিভ য্যান, অ্যানা প্যাকুইন, ডিরেক্টর পিটার সনসহ আরো অনেকে। দ্য গুড ডাইনোসরের মুক্তির মাধ্যমে এই প্রথমবারের মত পিক্সার অ্যানিমেশন একই বছরে দুটি ফিচার ফিল্ম মুক্তি দিতে যাচ্ছে।