‘এর পর খালেদা বলবেন মুক্তিযুদ্ধে কেউ শহীদ হয়নি’

 
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছেন। আর কিছুদিন পরে বলবেন যে, বাংলাদেশে মুক্তিযুদ্ধে কেউ শহীদ হয়নি।
 
বৃহস্পতিবার কমলাপুর আইসিডি হলে কমলাপুর ব্যবহারকারী ও পরিবহন ব্যবহারকারী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার সাধের পাকিস্তান বলেছে ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধে কোন গণহত্যা হয়নি। পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ এ উক্তি আমরা মুক্তিযোদ্ধারা বরদাশত করবো না।
 
১৯৫ জন পাকিস্তানী যুদ্ধবন্দীর বিচার ও পাকিস্তানের কাছে পাওনা বাংলাদেশের সম্পদ ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির সদস্য সচিব কামাল পাশা, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মিয়া ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম দুদু মিয়া প্রমুখ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর ব্যবহারকারী ও পরিবহন ব্যবহারকারী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: বখতিয়ার।