বেলজিয়ামের প্রসিকিউটররা বৃহস্পতিবার জানিয়েছেন, তারা গত মাসে প্যারিস হামলার সঙ্গে যুক্ত সন্দেহে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করেছেন। এ নিয়ে এ হামলার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হল।
বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ব্রাসেলসের উত্তর শহরতলি মোলেনবিক থেকে ২২ বছর বয়স এই যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী হত্যাকাণ্ড’ এবং একটি সন্ত্রাসী গ্রুপের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে বেলজিয়ামের পুলিশ বিস্তারিত জানায়নি।
শুধু জানানো হয়েছে, গ্রেফতারকৃতের নাম আইয়ুব বি। বেলজিয়াম প্রশাসনের দাবি আইয়ুব বি প্যারিস হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। প্যারিস হামলায় অভিযুক্ত জঙ্গি বেলজিয়াম থেকে গ্রেফতার হওয়ার পর রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস ঘিরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এএফপি।