ভারতে সেন্সর বোর্ড ঢেলে সাজাতে উদ্যোগ

ভারতে সেন্সর বোর্ড ঢেলে সাজাতে নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের গঠন করা  এই প্যানেলের দায়িত্ব দেয়া হয়েছে পরিচালক শ্যাম বেনেগাল।
 
সম্প্রতি বহু বার বিতর্কের মুখে পড়তে হয়েছে সেন্সর বোর্ডকে। সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা। এবার তাই সেন্সর বোর্ডকে বিতর্কমুক্ত করে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এই প্যানেলের কমিটিতে আরো রয়েছেন. পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, আদমান পীযূষ পান্ডে, চিত্র সমালোচক ভাবনা , ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক নিনা লাঠ গুপ্তা এবং যুগ্ম সচিব সঞ্জয় মুর্তি।
 
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, প্যানেলটি গঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে। তারা আরও জানিয়েছে, এ বিষয়ে বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। বিশেষত সেইসব দেশ, যেখানে সৃজনশীলতা ও নান্দনিকতা বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। প্যানেলটি মূলত চলচ্চিত্র প্রদর্শন আইনের বিধান অনুযায়ী পদ্ধতি, বোর্ডের চেয়ারপার্সন ও অন্যান্য সদস্যদের সুবিধার জন্য নিয়ম প্রভৃতি বিষয়ে সুপারিশ করবে।
 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঘোষণার পর বেনেগাল জানিয়েছেন, সেন্সর বোর্ডের সিস্টেমটি কতটা কার্যকর, স্বচ্ছ এবং সন্তোষজনক, তা জানতেই নতুন এই কমিটি গড়েছে সরকার। সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন সিবিএফসির চেয়ারম্যান পহলাজ নিহালানি। তিনি বলেছেন, এই কমিটিতে সমস্ত ভালো লোকজন রয়েছেন। তিনি নিশ্চিত, তাঁরা যথাযথভাবে নয়া সংস্কার করতে পারবে। হিন্দুস্তান টাইমস।