ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো টেলিফোনের আলাপে আড়ি পাতে।
রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ৫৮ মিনিটে কলটি করা হয়। ৭০ সেকেন্ডের ঐ কলটিতে বলতে শোনা যায়, একজন বলছে সে একটি ‘আত্মঘাতী মিশনে’ বের হয়েছে। অপরপক্ষ চুপ থাকলেও ঐ ব্যক্তি বলে, ‘আমি একটি আত্মঘাতী মিশনে আছি। আল্লাহ আমাদের সবাইকে দেখে রাখবেন।’
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, পাকিস্তানের অপ্রকাশিত স্থান থেকে রাত সাড়ে ১২টা থেকে দুইটার মধ্যে কলগুলো করা হয়। ঐ ব্যক্তি পাঞ্জাবি ও মুলতানি ভাষায় কথা বলছিলেন।
৮৭ সেকেন্ডের একটি কলে একপ্রান্তে বলতে শোনা গেছে, ‘এটা কি নিয়ন্ত্রণে?’ উত্তরে অপরপ্রান্ত থেকে বলা হয়, ‘হ্যাঁ’।
এরপরই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুর মধ্যে প্রবেশ করতে বলা হয়, ‘বিমানবাহিনীর সম্পদ, হেলিকপ্টার ও বিমান উড়িয়ে দাও’।
হামলাকারীদের কথোপকথনের মধ্যে একটি লাইন বলা হয় যা ছিল এরকম, ‘তাকে বোঝাও, আমরা উদ্বিগ্ন’।
কথোপকথনের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটিতে গুলির শব্দ শোনা যায়। পরবর্তী ১০ ঘণ্টা লড়াইয়ে ভারতীয় বিমান বাহিনীর তিন সদস্য ও পাঁচ হামলাকারী নিহত হন।