অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্র দিয়েই তার অভিষেক হয়েছে। টিভি অভিনেত্রী থেকে এখন তিনি চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয়ের অংকে এরই ভেতরে মেধার ধারাবাহিক চর্চায় একটা পাকাপোক্ত স্থান করে নিয়েছেন দর্শকদের কাছে। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে কলকাতার মেধাবী অভিনেতা পরমব্রত’র বিপরীতে কাজ করলেন তিনি। চলচ্চিত্রটির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। খানিকটা বাকি রয়েছে এখনও।
ভাবনা তার এই নতুন চলচ্চিত্র প্রসঙ্গে বলেন,‘ দেখুন, আমি মনে করি এখন নিজেদের স্বকীয়তা জানান দেয়াটা খুব জরুরী। বিশেষ করে এ ধরণের জয়েন্ট প্রডাকশনে। কারণ আমি কার সাথে কাজ করবো, বা কে আমার সাথে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের সম্মানের জায়গাগুলো প্রকাশ করা উচিত ও আরও পরিষ্কার হওয়া উচিত।’ বিষয়টা আরও খানিকটা খোলাসা করেই বললেন ভাবনা। ইত্তেফাক অনলাইনকে বললেন,‘ দেখুন ,‘পরমব্রত আমার সাথে বিভিন্ন কথার কথায় বললো যে, আমার সাথে একটা কাজ করলেই নাকি আমার হয়ে যাবে। আমি তার এই কথার পিঠে খানিক হেসেই পরমের কাছ জানতে চাই- আমার কি হবে গো ? তখন পরম আমায় বলে, দেখো তুমি যদি বাংলা চলচ্চিত্রে একটা ভালো অবস্থান তৈরি করতে চাও, তাহলে আমাদের সাথে আর দুই একটা ছবি করলেই তোমার হয়ে যাবে! আমি ওর কথায় রীতিমতো অবাক হয়েছি। খানিকটা মুচকি হেসেই বলেছি, দেখো তুমি কি আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে জানো? আমাদের ইন্ডাস্ট্রিতে কত কত মেধাবী শিল্পী রয়েছেন তা তোমার আইডিয়ায় আছে? আমি পরমকে অসম্মান করে বলিনি, হ্যাঁ এটাও মানি যে পরম খুব মেধাবী একজন অভিনেতা।
IMG0
ঋত্বিক ঘটকের নাতি হিসেবে ওর রক্তে অভিনয় রয়েছে। তেমনি আমিও তো কম নই। আমিও তো অভিনয় পরিবারেই বেড়ে উঠেছি। আমি এই ইন্ডাস্ট্রিরই সন্তান। তাই ওরা আমার জীবন বা ক্যারিয়ার গড়ে দেবে, এরকম বলার ভাবনাটা কিভাবে আসে? এটা ভেবেই অবাক হই। পরে ভেবে দেখলাম - এটা আসলে আমরাই তৈরি করি। বলতে চাই না, আবার না বললেও যে হয় না ! খুবই অবাক ও লজ্জা পাই, যখন দেখি ওপার বাংলার কোনও চতুর্থ শ্রেণীর শিল্পী এলেও আমাদের মিডিয়া তাদের নিয়ে অযাচিত ভাবেই বড় ট্রিটমেন্টে খবর ছাপে! অথচ আমরা আমাদের নিজেদের গর্বের জায়গাগুলো নিয়ে চর্চা করি না। বা মিডিয়া প্রকাশ করে না। এইসব দেখেই পরমদের এরকম ধারণা হওয়াটা খুব স্বাভাবিক। তাই আমি বুঝিয়ে বলেছি ওকে সেদিন। পরমকে ছাড় দিয়ে কথা বলিনি আমি কখনওই।
IMG1
কারণ আমাদের ইন্ডাস্ট্রিকে হেয় করে কথা বলার কোনও যুক্তি নেই বা কারো অধিকার নেই। আমরা কোনও দিক দিয়েই কম নই। হ্যাঁ, এটা ঠিক ওপার বাংলার বাজারকে যুক্ত করতে যেমন পরম’দেরকে আমাদের ইন্ডাস্ট্রিতে জরুরী, বা নির্মাতা হিসেবে অনিমেষ তাকে নিয়ে কাজ করতেই পারেন চরিত্রের প্রয়োজনে। তেমনি পরমকেও আমি বলেছি, যে পরম তোমার ক্যারিয়ার এই বাংলার সবচেয়ে বড় বাজার হিসেবে বাংলাদেশে বিস্তৃত করতে হলে আমাকে যেমন জরুরী, তেমনি জরুরী অনিমেষ আইচদের মতো মেধাবী নির্মাতাদের।’
IMG2
কারণ কাজের ক্ষেত্রে এখন দেখছি সহাবস্থান বা সসম্মান দেখানোর অভাব বা একটা সংকট তৈরি হচ্ছে ক্রমশ। এটাকে রিকভার করা খুবই দরকার। আমরা ওদের সাথে কাজ করে ধন্য হয়ে যাচ্ছি না। বা ওরাও না। উভয় পক্ষের লাভের জন্যই , দুই বাংলার চলচ্চিত্রের অবস্থান , বাজারটাকে আরও শক্ত করার জন্যই দুজনার সহাবস্থান জরুরী। এবং সেখানে অবশ্যই মিউচুয়াল রেসপেক্টটা বজায় রাখতে হবে।’