ষড়যন্ত্র করেও অগ্রগতি থামাতে পারেনি বিএনপি : বাণিজ্যমন্ত্রী

 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি যে আন্দোলন-সহিংসতা চালিয়েছে, তাতে দেশের অগ্রগতি থামাতে পারেনি। বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে দেশে ব্যবসা-বাণিজ্য ভালো ছিল। ২০১৬ সালে আরো ভালো হবে।
 
রবিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালে ৯৩ দিন বিএনপির আন্দোলন-সহিংসতা চললেও এ বছরেই পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প চালু করেছে সরকার। যা নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করা হচ্ছে।
 
তিনি বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনকে স্মরণ করাতে এবারও যে কর্মসূচি দেয়া হয়েছে, তাতে কোনো লাভ নেই। ২০১৫ সালেও ৯৩ দিন অবরোধ দিয়ে কিছুই হয়নি। দেশের অগ্রযাত্রা এতোটুকু ব্যাহত হয়নি। সবকিছুই ঠিক ছিল। ২০১৬ সাল আরো ভালো যাবে। হঠাৎ করে ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে কোনো লাভ নেই। ৫ জানুয়ারির নির্বাচনকে স্মরণ করাতে যে কর্মসূচি দেয়া হয়েছে, তাতে কিছুই হবে না।
 
বৈঠকে এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সহসভাপতি আক্তার মতিন চৌধুরী, সদস্যদের মধ্যে এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, আইসিই টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত জামিল, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটের জ্যেষ্ঠ অংশীদার নিহাদ কবির, এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট প্রমুখ উপস্থিত ছিলেন।