ভারতের পাঞ্জাবে বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে 'ঘৃণ্য' আখ্যা দিয়ে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করতে এই অঞ্চলের সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি।
'ভারতের পাঞ্জাব রাজ্যে বিমান ঘাঁটিতে ২ ফেব্রুয়ারির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।' দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি একথা বলেন।
সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সহযোগিতার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ওই অঞ্চলের সব দেশকেই সন্ত্রাসী নেটওয়ার্কগুলো মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
শনিবার ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পাঁচজনের একটি জঙ্গি দল পাঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী সঙ্গে তাদের দিনভর গুলির লড়াই চলে। এতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ পাঁচ জঙ্গি নিহত হয়। সূত্র: আইবিএন