ইরান ছেড়ে গেছেন সৌদি কূটনীতিকরা

তেহরানে দূতাবাস আক্রান্ত হওয়ার পর ইরান ছেড়ে দেশের পথে রওয়ানা হয়েছেন সৌদি কূটনীতিকরা। সোমবার সকালে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়া জানায়, ইরান ছেড়ে আসা কূটনীতিকরা দেশে আসার পথে দুবাইয়ে অবতরণ করেছেন।
 
এর আগে তেহরানের সৌদি দূতাবাসে উত্তেজিত জনতার হামলার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে আনার পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের কূটনীতিকদের সৌদি আরব ছেড়ে যেতে বলা হয়েছে। সৌদি আরবের প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমর আল নিমরকে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকর করার পর মধ্যপ্রাচ্যজুড়ে শিয়াদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই জেরে ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালায় উত্তেজিত শিয়া বিক্ষোভকারীরা। শনিবার সৌদি আরব শেখ নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানায়।
 
নিমরের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিল ইরান। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে ‘বড় ধরনের খেসারত’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছিল। এখন নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া ইরান ও সুন্নি সৌদি আরবের মধ্যে তীব্র কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যেই অস্থিতিশীল হয়ে থাকা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্স।