আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ নগরীতে ভারতীয় কনস্যুলেটের কাছে সোমবার ফের বন্দুক যুদ্ধ হয়েছে। এখানে ওই কনস্যুলেটের কাছে ঘাঁটি গড়া জঙ্গিদের উৎখাত করতে আফগান বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে এ বন্দুক যুদ্ধ হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে জঙ্গিরা ভারতীয় এ কূটনীতিক মিশনে ঢোকার চেষ্টা করেছিল।
এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। আফগানিস্তানের বাখ প্রদেশে ভারতীয় কনস্যুলেটের কাছের একটি ভবন থেকে কমপক্ষে ৬ জঙ্গি এ হামলা চালায়। প্রদেশটি তুলনামূলকভাবে শান্ত। হামলার পর আফগান বাহিনী গোটা এলাকা কর্ডন করে ফেলে। বাখ প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ বলেন, কনস্যুলেটের কাছে শুদ্ধি অভিযান চলছে।
তিনি বলেন, যেহেতু এটি আবাসিক এলাকা সে কারণে বেসামরিক প্রাণহানি এড়াতে আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। কূটনৈতিক এলাকার মধ্যে নিরাপদ স্থানে থাকা এক ভারতীয় কর্মকর্তা বলেন, কনস্যুলেটের সকল কর্মী নিরাপদ রয়েছেন। ব্যাপক সুরক্ষিত কম্পাউন্ড থেকে টেলিফোনে ওই কর্মকর্তা বলেন, আমরা হামলার মুখে পড়ছি। রবিবার সন্ধ্যায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পরপরই তিনি বলেন, সংঘর্ষ চলছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, এখন পর্যন্ত কোন ভারতীয়র প্রাণহানির খবর পাওয়া যায়নি। গত সপ্তাহান্তে ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ইসলামপন্থী বিদ্রোহীরা ভয়াবহ হামলা চালানোর পর আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে এ ঘটনা ঘটেছে। এএফপি।