গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

 
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে।
 
সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানানো হয়। মেলার টাইটেল স্পন্সর হিসেবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং কো-স্পন্সর হিসেবে এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি থাকছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কমিউনেকশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার এম. রাশেদ মাহমুদ অভি, হুয়াওয়ের মার্কেটিং ম্যানেজার বার্নাড ওয়াং, স্যামসাং ইলেক্ট্রনিক্সেও বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ম্যানেজার মাহজাবিন ফেরদৌস ও সিম্ফনি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে।
 
গ্রামীণফোনের কমিউনেকশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল বলেন, আমাদের ইন্টারনেট ফর অল নামে একটি প্রোগ্রাম আছে। কিন্তু ডিভাইস ছাড়া এটি ছড়িয়ে দেয়া সম্ভব না। বর্তমানে আমাদের দেড় কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, ২০১৯ সালের মধ্যে এটি ৫ কোটিতে পৌঁছানের লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। এই মেলা সেই লক্ষ্য পূরণে অনেক সহায়ক হবে বলেই আমরা দ্বিতীয়বারের মতো মেলায় অংশ নিয়েছি।
 
মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজনও।
 
প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/STExpo) ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’ নামক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২, এলিট মোবাইল ও হুয়াওয়ের পক্ষ থেকে স্মার্টফোন জিতে নিতে পারবেন।
 
প্রদর্শনীর সব আপডেট ফেইসবুক পেইজ https://www.facebook.com/STExpo এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম (techshohor.com) -এ পাওয়া যাবে। মেলার সহযোগি হিসেবে আছে এডুমেকার, এলিট ফোর্স, পিপলস রেডিও এবং টেকশহরডটকম।