আরামবাগ ক্রীড়া সংঘকে জরিমানা হিসেবে ৩০ লাখ টাকা দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেয়া সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়।
রিট আবেদনকারীর আইনজীবী শাহ মো. মুনীর শরীফ জানান, আদালত আরামবাগকে পরবর্তী ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিতে বিবাদীদের নির্দেশও দিয়েছে। তিনি বলেন, হাই কোর্ট ওই জরিমানার সিদ্ধান্ত স্থগিত করে আরামবাগকে পরবর্তী ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে। ফলে আরামবাগের পরবর্তী ম্যাচ খেলতে আইনগত কোনো বাধা নেই। আরামবাগের পরবর্তী খেলা ৫ জানুয়ারি।
গত ৩১ ডিসেম্বর বাফুফের কার্যনির্বাহী কমিটির নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এজাজ মো. জাহাঙ্গীর রিট আবেদনটি করেন, যার ওপর সোমবার শুনানি হয়। রিট আবেদনকারী পক্ষে শুনানিতে আরও ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।