দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপি মঙ্গলবার যখন রাজধানীতে সমাবেশ করবে, তখন পৃথক স্থানে শান্তিমিছিল করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর জাতীয় পার্টি (জাপা)।
শ্যামপুর-কদমতলী থানা জাপার উদ্যোগে বেলা সাড়ে ১১টায় ধোলাইপাড় ফ্লাইওভারের নীচ থেকে জুরাইন পর্যন্ত ‘গণতন্ত্রের জন্য শান্তির মিছিল ও সমাবেশ’ এর আয়োজন করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি ও ঢাকা- ৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
এদিকে, জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার মা নুরুননাহার বেগম ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ভাষানীর মা খুরশেদা খাতুনের রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ আছর রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহিফলের আয়োজন করছে জাতীয় ছাত্রসমাজ।